মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবগাথা নিয়ে নির্মিত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ মুক্তির প্রস্তুতি শুরু হয়েছে। সেই যাত্রার প্রথম ধাপ হিসেবে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দিন ২৫শে জুলাই সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টার উন্মোচনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলো অনম বিশ্বাস পরিচালিত এই চলচ্চিত্রটি। ১৯৭১ সালের ২৫শে জুলাই ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল।
বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে নামার সেই মুহূর্ত আজও মুক্তিযুদ্ধের ইতিহাসের গর্বিত অধ্যায়। সেই ইতিহাস, সেই লড়াই এবং দেশপ্রেমই ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার মূল উপজীব্য। সিনেমাটির প্রথম পোস্টারেও ধরা পড়েছে সেই আবহ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রেক্ষাপটে পানিতে ডুবে থাকা জনপদের সামনে দাঁড়িয়ে থাকা এক ফুটবলারের ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং পাশে উড়তে থাকা লাল-সবুজের পতাকা- সবমিলিয়ে ফুটে উঠেছে যুদ্ধের সময় ফুটবলকে ঘিরে গড়ে ওঠা এক ভিন্নধর্মী প্রতিরোধের প্রতীকী চিত্র।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটিতে অভিনয় করেছেন- আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
