নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতে প্রাণ গেছে একাধিক শিক্ষার্থীর। এরপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে পথে নামেন তারা। তাদের সঙ্গে অনশনে বসেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে সংসদ অভিযান চালায় প্রতিবাদী শিক্ষার্থীরা। যদিও এই আন্দোলন শুরু হয়েছিল ৩৮ দিন আগে। সেই সময় যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে নীরব ছিল বলিউডের একটা বড় অংশ। কিন্তু অভিনেত্রী সোনাক্ষী সিনহা হাতেগোনা তারকাদের অন্যতম, যিনি এই আন্দোলনে প্রথম থেকেই সমর্থন জানিয়েছিলেন। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র।
এরপরই জেন-জি’র কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী সোনাক্ষী? কিন্তু কী কারণে? তিনি নতুন প্রজন্মের কাছে হার স্বীকার করে তাদের আরও বেশি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সোনাক্ষী একটি ছোট্ট ভিডিও পোস্ট করে শিক্ষামন্ত্রীর ইস্তফার খবরে উল্লাস প্রকাশ করেন। অভিনেত্রী বলেন, আসলে জেন-জিরাই শিল্পী। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, তোমরা কী করে দেখিয়েছো। আমি ভাবতাম এরা চার ঘণ্টার বেশি কাজ করতে পারে না।
একটুতেই কাহিল হয়ে যায়। খানিকটা নিচু চোখেই দেখেছি। আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু তোমরা আজ যা করে দেখালে, অভিনন্দন। আমি তোমাদের মতো হতে চাই। তোমরা অবিশ্বাস্য! এই আন্দোলন চলাকালীনই মুখ খুলতে শুরু করেন সোনাক্ষী। অভিনেত্রী জানান, তিনি দেশের ভালো চান। তাই তিনি এ বিষয়ে আর নীরব থাকতে পারছেন না। তিনি সোনম ওয়াংচুককে নিয়ে বলেন, কবে ওর কথা শোনা হবে? মানুষটা মারা যাওয়ার পর কি সকলে নড়েচড়ে বসবেন? তখন তার দায়িত্ব কে নেবেন? যা হচ্ছে, তা মোটেই ঠিক হচ্ছে না।
