মাদারীপুর জেলার শিবচরে চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র হত্যা মামলার আসামিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার কুতুবপুর বাজারে জুলাই হত্যা মামলার আসামিদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজাহার হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামাদ মাতবর সামুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিবচর থানার (তদন্ত ওসি) রাকিবুল হাসান, পরিদর্শক রিয়াজুর ইসলাম, ফরহাদ লস্কর সভায় উপস্থিত ছিলেন। এতে স্থানীয় সাধারণ জনগণ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বাকাউল বিল্লাহ বকুল জমাদ্দার জানান, দীর্ঘ ১৭ বছর বিএনপি দল করার কারণে এলাকায় থাকতে পারি নাই। কুতুবপুর বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে চব্বিশের জুলাইর ছাত্র হত্যা মামলার আসামিদের নিয়ে মতবিনিময় সভা করা হয় এবং তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সদস্য। মতবিনিময় সভা সম্পর্কে আমরা কিছুই জানি না এবং আমাদের কিছু জানানো হয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি আজিজুল মোড়ল বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ভেবেছিলাম দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে কিন্তু না দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি।
আওয়ামী লীগের কর্মীরা এখন প্রকাশ্যে কীভাবে ঘুরে বেড়ায়? আবার তাদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মতবিনিময় সভা করে। যাদের থাকার কথা জেলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসে মিটিং করে। যেখানে থাকার কথা সাধারণ মানুষের সেখানে বসে আছে ফ্যাসিবাদরা।’ শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মতবিনিময় সভায় ছাত্র হত্যা মামলার আসামিদের উপস্থিতি বিষয়টি খুবই লজ্জাজনক। শিবচর থানা থেকে যারা গিয়েছে তারা দুইজনই নতুন। একজন তদন্ত ওসি রাকিবুল হাসান যিনি থানায় নতুন এসেছেন ও অপরজন কুতুবপুরের নতুন বিট অফিসার রিয়াজুর রহমান, তাকে বেশ কয়েকদিন হয় দায়িত্ব দেয়া হয়েছে। বিষয়টি আমি দেখছি।’
