সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদযাত্রায় ১০৬ কোচ মেরামতের উদ্যোগ

সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদযাত্রায় ১০৬ কোচ মেরামতের উদ্যোগ

ফন্ট সাইজ:

দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় আসন্ন ঈদুল ফিতরে যাত্রী পরিবহনের জন্য ১০৬টি কোচ মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। রেলওয়ে কারখানার স্বাভাবিক কাজের পাশাপাশি এসব কোচ মেরামতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করে ঈদে ঘরমুখী যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছতে পারবেন বলে আশা করা যাচ্ছে। সূত্র জানায়, ১৮৭০ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য যাত্রীসেবার কথা চিন্তা করে কোচ মেরামত করে থাকে। তীব্র জনবল সংকটেও রেলওয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা এবারও ঈদুল ফিতরের জন্য ১০৬টি কোচ মেরামতের উদ্যোগ নিয়েছেন। যা গেল বছরের চেয়ে ৬১টি কোচ কম মেরামত করা হচ্ছে। সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানার ২৯টি শপে (উপ-কারখানা) ১০৬টি কোচ মেরামতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। এরমধ্যে রয়েছে ৬০টি ব্রডগেজ (বড় লাইন) লাইনের ও ৪৬টি মিটার গেজ (ছোট লাইন) রয়েছে। এসব কোচ মেরামতে মাত্র ৩৯দিন কর্মদিবস হাতে পেয়েছে কর্মকর্তা-কর্মচারীরা। গত বছর ঈদুল ফিতরে ১৬৭টি কোচ মেরামত করা হয়েছিলো এ কারখানায়। মেরামত করা কোচগুলো আগামী ১৪ই মার্চের মধ্যে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে। শেষদিন পর্যন্ত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বেশিসংখ্যক কোচ মেরামত হতে পারে বলে বর্মকর্তারা আশা করেছেন। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ বলেন, রেলওয়ে হচ্ছে- নিরাপদ সেবাখাত। প্রতিবছর যাত্রীসেবা দিতে আমরা বিপুল পরিমাণ কোচ মেরামত করে থাকি। এ সব কোচ পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চালানো হয়। এছাড়াও আন্তঃনগর কোচগুলোতেও কোচ সংযোজন করা হয়। ফলে স্বজনরা নিরাপদে পরিবারের কাছে গিয়ে ঈদ উদ্‌যাপন করতে পারেন। রেলওয়ের একটি সূত্র জানায়, চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত ২য় রেলওয়ে কারখানাতেও ঈদযাত্রায় যাত্রী পরিবহনের জন্য ১০০টি মিটার গেজ লাইনের কোচ মেরামতের কাজ হাতে নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন