ফিলিপাইনের ব্যস্ততা শেষে মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপ সরকারের মেহমান হয়ে দেশটির স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও তরান্বিত হবে বলে মনে করা হচ্ছে। শনিবার মালদ্বীপ পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম ড. খলিলকে স্বাগত জানান।
এই সফর দুই দেশের দীর্ঘদিনের আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড. খলিলের এই সফর ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের ভিত্তি তৈরি করবে।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে কাতারের দোহা হয়ে মালদ্বীপে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। পাশাপাশি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. খলিল। বৈঠকে উভয় দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা হবে। একটি কূটনৈতিক সূত্রের তথ্যমতে, বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালদ্বীপ সফরের প্রসঙ্গ আলোচিত হবে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। এই সফর শেষে আগামী ২৭ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তার।
