সাফে ২৩ বছরের গেরো খুলতে চান ডুলি

সাফে ২৩ বছরের গেরো খুলতে চান ডুলি

ফন্ট সাইজ:

ঘরের মাঠে আট বছর পর বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের এ আসরকে সামনে রেখে গতকাল রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচিত হয়। এবারের আসরের লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি। তার অধীনে ২৩ বছর পর সাফের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে নামবে বাংলাদেশ। ডুলির লক্ষ্য শিরোপা।

লক্ষ্য নিয়ে টমাস ডুলি বলেন, ‘অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। ফুটবলারদের কাছে একটাই বার্তা- মাঠে নেমে, নিজের যা আছে তার সবটুকু উজাড় করে দাও। এরপর যদি অন্য দল ভালো খেলে ফেলে বা জিতে যায় সেটা হবে আমাদের দুর্ভাগ্য। তার আগ পর্যন্ত নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করতে হবে। তবে এদের ভুল হতেই পারে। দর্শকদের প্রতি অনুরোধ, ভুল করলে কঠোর হবেন না। কারণ বিশ্বকাপের মঞ্চে ফুটবল খেলে কোটি কোটি ডলার উপার্জন করা ফুটবলাররাও ভুল করে।’ যুক্তরাষ্ট্রের হয়ে দুটি বিশ্বকাপ খেলেছেন ডুলি। খেলা ছাড়ার পর দীর্ঘ চার বছর ছিলেন যুক্তরাষ্ট্র দলের সহকারী কোচের দায়িত্বে। ফিলিপাইনের পর গায়ানা হয়ে বাংলাদেশ অধ্যায় শুরু করেছেন তিনি। গায়ানার ফুটবলে ইতিবাচক পরিবর্তন এনে দেয়া ডুলি এবার বাংলাদেশ মিশনে রয়েছেন। প্রতি ম্যাচেই জয়ের ক্ষুধা তার। ডুলি বলেন, ‘আমরা কার বিপক্ষে খেলছি তা বিবেচ্য নয়। আমরা যদি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্য যে কোনো দলের বিপক্ষে খেলি, আমি জিততে চাই। তাই এটি এমন এক ধরনের মানসিকতা যা আমাকে খেলোয়াড়দের মাঝে ছড়িয়ে দিতে হবে যাতে তারাও একই কথা ভাবে।’ জাতীয় দলের টিম কম্বিনেশন নিয়ে সন্তুষ্ট ডুলি।

মাঠের লড়াইয়ে নিজেদের শক্তিমত্তার সেরাটা দেয়ার তাগিদ তার। ডুলি বলেন, ‘আমরা এমন খেলা উপহার দিতে চাই যাতে দর্শকরা হতাশ হয়ে বাড়ি ফিরে না যায়। তারা যাতে মুখ ফিরিয়ে না নেয়। তারা যাতে বলে, দল যে খেলাটা খেলে তা পছন্দ হয়েছে এবং আমি চাই যাতে দর্শকরা জয় নিয়ে খুশি মনে বাড়ি ফিরতে পারে।’ চেনা আঙিনায় খেলা বলে গ্যালারীতে বড় সমর্থন পাবে বাংলাদেশ। সেই সমর্থনকে সঙ্গী করে ২৩ বছরের খরা কাটাতে চান ডুলি। বাংলাদেশ কোচ বলেন, ‘আমাদের একটি স্বপ্ন আছে, সবসময় একটি স্বপ্ন থাকে, জানেন তো... এই সাফ টুর্নামেন্ট জেতার এবং এটি এখন ২৩ বছর হয়ে গেছে। তাই আমি মনে করি এখন সময় এসেছে। আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে নয়।’ জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণও লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘২৩ বছর আগে আমরা সাফ জিতেছি। এখন একটা শিরোপা জেতা আমাদের মূল লক্ষ্য। এবং দেশে খেলা, গ্যালারিতে সব দর্শক আমাদের থাকবে, সমগ্র জাতি আমাদের দিকে তাকিয়ে থাকবে, আমাদের একটা বড় দায়িত্ব আছে, সাফ জিতে আমরা মাঠে সেটা প্রমাণ করতে চাই যে আমরা যোগ্য, সেজন্য আমরা এই সাফটা জিতেছি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন