গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দরপতন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে। ফলে কমেছে মূল্যসূচক। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৯ হাজার ৫০০ কোটি টাকার ওপরে কমে গেছে।
গত সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২৪০টির। এ ছাড়া ২৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।
এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ এক হাজার ২৭০ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৯ হাজার ৬১৩ কোটি টাকা। অবশ্য এর আগে তিন সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বাড়ে ১৮ হাজার ৩৫৭ কোটি টাকা।
বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্যসূচকেরও বড় পতন হয়েছে। ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে কমেছে ৯৬.০৬ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ। আগের তিন সপ্তাহে সূচকটি বাড়ে ২৪৭.৫৪ পয়েন্ট।
অপর দুই সূচকের মধ্যে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহ জুড়ে কমেছে ২৩.৮০ পয়েন্ট বা ১.৯৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৭.৭৫ পয়েন্ট বা ১.৪৯ শতাংশ।
আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহ জুড়ে কমেছে ৩৪.৯১ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৪৯.৮৭ পয়েন্ট বা ২.২৯ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৬৩ কোটি ২৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় এক হাজার ৪৭৪ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৪১১ কোটি ৫৮ লাখ টাকা বা ২৭.৯১ শতাংশ।
সপ্তাহ জুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৫ কোটি ৯০ লাখ টাকা, যা মোট লেনদেনের ২.৪৪ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা টেকনো ড্রাগসের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৪ লাখ টাকা। প্রতিদিন গড়ে ২০ কোটি ৮৯ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইটি কনসালটেন্টস। এ ছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- শার্প ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি ফাইন্যান্স, সিটি ব্যাংক, ফারইস্ট নিটিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, লংকাবাংলা ফাইন্যান্স এবং ব্র্যাক ব্যাংক।
