উখিয়া ও টেকনাফে প্রায় প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হাজার-লক্ষ পিস ‘মালিকবিহীন’ ইয়াবা উদ্ধারের খবর মিলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে আত্মসমর্পণ করা স্বীকৃত ও চিহ্নিত কয়েকজন মাদক কারবারির জামিনে মুক্ত হয়ে ফের সক্রিয় হওয়ার অভিযোগ। সব মিলিয়ে সীমান্তবর্তী এই জনপদে মাদকবিরোধী দৃশ্যমান অভিযান নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা ও পাহাড়ি পয়েন্ট থেকে বড় বড় চালান উদ্ধার হলেও অধিকাংশ ক্ষেত্রেই ইয়াবা “মালিকবিহীন” হিসেবে জব্দ তালিকাভুক্ত হচ্ছে। ফলে মূল হোতারা অধরাই থেকে যাচ্ছে। একইসঙ্গে আগে আত্মসমর্পণ করা কয়েকজন কারবারি জামিনে বেরিয়ে পুরনো নেটওয়ার্ক সক্রিয় করেছে এমন কথাও ঘুরে বেড়াচ্ছে এলাকায়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা সভাপতি নুর মুহাম্মদ সিকদার বলেন, প্রতিদিন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার প্রমাণ করে মাদক চক্র শক্তিশালী। কিন্তু যদি মূলহোতারা গ্রেপ্তার না হয়, তাহলে অভিযান প্রশ্নবিদ্ধ হয়। আত্মসমর্পণকারীদের ওপরও কঠোর নজরদারি থাকতে হবে। কেউ জামিনে বেরিয়ে আবার একই অপরাধে জড়ালে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। উখিয়া অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি রবিউল হুসাইন বলেন, উখিয়া-টেকনাফ দীর্ঘদিন ধরেই মাদকের করিডোর হিসেবে পরিচিত। দৃশ্যমান ও ধারাবাহিক বিশেষ অভিযান প্রয়োজন। রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক মাদক নেটওয়ার্ক ভাঙতে আলাদা টাস্কফোর্স গঠন ও গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং আরও জোরদার করা হয়েছে। নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা উদ্ধার করা হচ্ছে। অনেক সময় অভিযানের খবর পেয়ে কারবারিরা পালিয়ে যায়, ফলে মালিকবিহীন অবস্থায় মাদক জব্দ হয়। আত্মসমর্পণকারীদের তালিকা আমাদের কাছে রয়েছে, তাদের গতিবিধিও পর্যবেক্ষণে আছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে, শুধু উদ্ধার নয়, চক্রের অর্থনৈতিক উৎস, পরিবহন রুট ও স্থানীয় সহযোগীদের শনাক্ত করে সমন্বিত অভিযান চালাতে হবে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় আন্তঃসংস্থার সমন্বয় ও প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোরও পরামর্শ দেন তারা।
উখিয়া-টেকনাফে ‘মালিকবিহীন’ ইয়াবা উদ্ধার বাড়ছে
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
