ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সদস্যদের তাৎক্ষণিক ও তৎপর অবস্থানের কারণে ওই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে মহেশপুর উপজেলার সামন্তা বিওপি’র আওতাধীন এমপি সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প ৬ জনকে (৪ জন পুরুষ ও ২ জন নারী) বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তারা বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবি’র টহল দলের নজরে আসে। পরে সামন্তা বিওপি’র সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি। মহেশপুর ব্যাটালিয়ন সূত্রে আরও জানানো হয়, বিষয়টি ইতিমধ্যে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। পুশইন কিংবা অনুপ্রবেশের যেকোনো অপচেষ্টা বিজিবি কঠোরভাবে প্রতিহত করবে।
