মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা-মা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)। নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। এ কারণে তাকে কয়েকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেও ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে মা-বাবার সঙ্গে বাইরে যাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে তারা বাড়িতে ফেরেন।

কিছুক্ষণ পর হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে রিমন তার মায়ের ওপর হামলা চালায়। তিনি বলেন, মাকে রক্ষা করতে এগিয়ে গেলে স্বপন দাশ গুপ্তকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এ সময় পরিবারের সদস্যরা ও স্থানীয়রা ছুটে এলে রিমন ঘরের ভেতরে অবস্থান নেয়। পরে কল্পনা দাশকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল।

প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে অপরজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন