সরকার পরিবেশ সংরক্ষণ ও বনভূমি সম্প্রসারণে কাজ করছে

ফন্ট সাইজ:

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব জুড়ে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা যদি আজ বেশি বেশি গাছ লাগাই এবং সেগুলোকে সঠিকভাবে পরিচর্যা করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। পরিবেশ রক্ষাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণ ও বনভূমি সম্প্রসারণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রতিটি পরিবারে বৃক্ষরোপণের সংস্কৃতি গড়ে তুলতে হবে। ক্রমবর্ধমান তাপমাত্রা, বায়ুদূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ অত্যন্ত প্রয়োজন। ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পাশাপাশি বিদ্যমান গাছ সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে ব্যাপকভাবে বৃক্ষরোপণে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

বিকালে নোয়াখালী সদর উপজেলার পৌরপার্কে জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণের সময় এসব মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ, জেলা বিএনপি’র সদস্য রবিউল আলম পলাশ, সদস্য শহীদুল ইসলাম কিরণ, জেলা কৃষক দলের সভাপতি ফজলে এলাহী পলাশ, সাধারণ সম্পাদক জিএস হারুনসহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন