ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবাস সাহা সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপরজন সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয়ের আশুতোষ সাহার ছেলে ও উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন।
নিহতরা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই ও মোটরসাইকেলের আরোহী ছিলেন। পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নষ্ট হয়ে সড়কে থেমে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার, কভার্ডভ্যান ও মোটরসাইকেল ব্রেক করে। কিন্তু পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি বাস মোটরসাইকেল, কভার্ডভ্যান ও প্রাইভেটকারকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
