আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘শুটার বাপ্পি’র গোলাগুলি, জিম্মি নারী উদ্ধার

ফন্ট সাইজ:

সাভারের আশুলিয়ায় চাঁদার দাবি ও অপহরণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গ্রেপ্তার এড়াতে ওই বাড়ির নারী কেয়ারটেকার লিমাকে জিম্মি করে বাপ্পি পালিয়ে গেছে বলে দাবি করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। শনিবার দুপুরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার শরীফ চৌধুরী প্লাজার পঞ্চম তলায় এ গুলির ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী চৌধুরী প্লাজার পঞ্চম তলায় প্রবেশ করে। এ সময় তারা ভবনের কেয়ারটেকার লিমাকে জিম্মি করে বাড়ির মালিকপক্ষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদার টাকা আদায়ে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা লিমাকে সঙ্গে নিয়ে ভবনের ভেতরে বিভিন্ন লকারে অর্থ খোঁজার চেষ্টা চালাতে থাকে। বিষয়টি পুলিশকে জানানো হলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একাধিক টিম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কেয়ারটেকার লিমাকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি। এ সময় সে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে জিম্মি লিমাকে ছেড়ে দিয়ে কৌশলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, চৌধুরী প্লাজার পঞ্চম তলায় শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি ও তার সহযোগীদের অবস্থানের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বাপ্পি ও তার সহযোগীরা ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এক নারীকে জিম্মি করে বাপ্পি ভবন থেকে পালিয়ে যায়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক-উত্তর) জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্ত বাপ্পি একাধিক মামলার আসামি এবং সে একজন শীর্ষ সন্ত্রাসী। বাপ্পি ও তার সহযোগীরা ভবনের কেয়ারটেকার লিমাকে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা চালায়। তবে পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে সে চাঁদা নিতে পারেনি এবং কাউকে কোনো ক্ষতি করতে পারেনি। তবে কারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত সে বিষয়ে পুলিশের হাতে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন