বান্দরবানে থানচিতে নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ পর্যটকের নাম জাওয়াদ উল ইসলাম তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। শুক্রবার বিকাল পাঁচটায় তিন্দু রাজাপাথর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রশাসন জানায়, দুপুরের দিকে ১৩ জনের একটি পর্যটক দল মোটরসাইকেলযোগে ডিম পাহাড় ২১ কিলোমিটার হয়ে তিন্দুতে পৌঁছান। সেখান থেকে লাংলোক ঝরনার উদ্দেশ্যে রওনা দিলে রাজা পাথর এলাকায় নৌকা ডুবে যায়। এতে অন্যরা প্রাণ বাঁচাতে পারলেও এক পর্যটক নিখোঁজ হয়ে যায়। পরে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
থানচি গাইড সভাপতি জওয়াই প্রু বলেন, ১৩ জনের একটি পর্যটকের দল ২১ কিলোমিটার হয়ে তিন্দুতে প্রবেশ করে। পরে সেখান থেকে ঝরনার উদ্দেশ্যে যাওয়ার সময় রাজা পাথর এলাকায় নৌকা ডুবে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়ে যায়। অন্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। থানচি নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল সত্যতা নিশ্চিত করে বলেন, রাজা পাথর এলাকায় নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, অনিবন্ধিত কোনো পর্যটক যাতে পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেজন্য প্রশাসন থেকে শুরু করে গাইডদের নির্দেশনা দেয়া আছে। কিন্তু পর্যটকরা ফাঁকি দিয়ে ২১ কিলোমিটার থেকে প্রবেশ করে তিন্দু হয়ে বেড়াতে যায়। আর কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় প্রশাসনের ওপর এসে পড়ে। আগামীবারে মাসিক মিটিংয়ে এটি উত্থাপন করা হবে। যাতে করে পর্যটকরা চুরি করে প্রবেশ করতে না পারে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে থানচি সদর হতে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীর পথে নৌ-চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। শনিবার দুপুরে উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান এক স্বাক্ষরিত মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০শে জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসন সকল পর্যটক, স্থানীয় বাসিন্দা, নৌযান চালক এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
