ট্রাক উল্টে গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২

ফন্ট সাইজ:

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নাইট্রোজেন বহনকারী একটি ট্রাক উল্টে গেলে বেশ কয়েকটি সিলিন্ডার ফেটে যায়। সিলিন্ডার থেকে বের হওয়া নাইট্রোজেন গ্যসের সাদা ধোঁয়া মহাসড়কের ৪০০ মিটার অবধি আচ্ছন্ন হয়ে যায়। এ সময় উল্টে যাওয়া ট্রাক থেকে আহত চালক ও চালকের সহকারীকে উদ্ধার করতে স্থানীয়রা কেউ সহস পায়নি। পরে ফায়ার সার্ভিসের টিম এসে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। শনিবার বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার শ্রীরামপুর তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহরা হলেনÑ ট্রাকচালক ঢাকা সাভার জিঞ্জিরা এলাকার সিদ্দিকুর রহমান (৬০) ও চালকের সহকারী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মৃত মফিজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৫৫)।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে আসা নাইট্রোজেনবাহী ট্রাকটি সড়কে সৃষ্ট ছোট বড় গর্তের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এর পর পরই বিকট শব্দে গাড়িটিতে থাকা সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যে বায়ুমণ্ডলে গ্যাস ছড়িয়ে পড়ে এবং সাদা ঘন কুয়াশার মতো প্রায় ৩০০-৪০০ মিটার এলাকা ঢেকে যায়। স্থানীয়রা আতঙ্কে দূরে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। এতে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত নাইট্রোজেনবাহী গাড়িটি উদ্ধার করে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন