ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া মরদেহ কলেজছাত্র নিসর্গের

ফন্ট সাইজ:

যশোরের অভয়নগরে ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে আসা অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম নিসর্গ সাহা বিশ্বাস (২৩)। গত সোমবার সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন। পাঁচদিন পর গত শুক্রবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিসর্গের বলে শনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত করে তার খালা শান্তনা জানান, মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিসর্গ প্রেমাবাগ ইউনিয়নের মহাকাল গ্রামের কৃষ্ণা রানী সাহার ছেলে।

কৃষ্ণা রানী সাহা মানবাধিকার সংস্থা রাইটস যশোরে কর্মরত। তার বাবা পলাশ বিশ্বাস যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এ ব্যাপারে নওয়াপাড়া নৌপুলিশের ইনচার্জ এসআই রনজিৎ সেন বলেন, দুপুরে ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহের চেহারা বিকৃত হয়ে গেছে। এ ঘটনায় তার মা কৃষ্ণা রানী সাহা অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন