নতুন কুঁড়ি স্পোর্টসের ফুটবল ইভেন্টের বালক বিভাগে ফাইনালে উঠেছে সিলেট ও ময়মনসিংহ। আর বালিকা বিভাগের ফাইনালে রাজশাহী ও রংপুর। আগামীকাল বিকালে আর্মি স্টেডিয়ামে হবে শিরোপার লড়াই। খেলা শেষে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বরিশালের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নেয় সিলেট। ম্যাচে জোড়া গোল পায় নাফিজুজ্জামান জিহাদ। আরাফাত ইসলাম রাফি করে এক গোল। বরিশালের হয়ে একটি গোল শোধ দেন দেব মণ্ডল। দ্বিতীয় সেমিফাইনালে রংপুরকে ১-০ গোলে হারায় ময়মনসিংহ। প্রথমার্ধের ২১তম মিনিটে জয়সূচক গোলটি করে মিডফিল্ডার রাতুল মোড়ল। একই দিনে বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে খুলনাকে ২-০ গোলে হারায় রাজশাহী। ৫৭ মিনিটে ফারিহা এবং ম্যাচের যোগ করা সময়ে গোল করেন জিন্নাত মেহেরুন। বালিকা বিভাগের দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারায় রংপুর। জয়সূচক গোলটি করেন স্মৃতি কিসকু।
মার্শাল আর্ট ইভেন্টে ঢাকার দাপট
নতুন কুঁড়ি স্পোর্টসের মার্শাল আর্ট ইভেন্টের কারাতে প্রতিযোগিতায় বালক-বালিকা মিলে চার শ্রেণির দু’টিতে প্রথম হয় ঢাকার প্রতিযোগীরা। বালক বিভাগে অনূর্ধ্ব ৪৫ কেজি ওজন শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ফরিদপুরের ফাইয়াজ রহমান। দ্বিতীয় খুলনার রেজোয়ান হাসান রাফি, আর যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে রাজশাহীর মো. আতিকুল হাসান এবং ঢাকার আল-ওয়াসি।
উর্ধ্ব ৪৫ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন সিলেটের অর্প দত্ত। রানার্সআপ রাজশাহীর মো. কাশিফ আল জাবিদ রুদক। যৌথভাবে তৃতীয় কুমিল্লার খেফাতুল ইসলাম ও খুলনার এস. এম. ফারহান ইসলাম ফাহিম। বালিকা বিভাগে অনূর্ধ্ব ৪৫ কেজি ওজন শ্রেণিতে সেরা ঢাকার ওয়ারিশা ওয়াইনিয়া আহমেদ। দ্বিতীয় চট্টগ্রাম অঞ্চলের মোসাম্মৎ আয়িকা তাব্?লাত, এবং যৌথভাবে তৃতীয় বরিশালের আলিজা ও খুলনার শুশ্রী সাত্তুন। ঊর্ধ্ব ৪৫ কেজি ওজন শ্রেণিতে প্রথম ঢাকার নাসরিয়া লুইজি নফোফে। দ্বিতীয় চট্টগ্রাম অঞ্চলের আলেয়া আবিদা মুমতাহিনা। তৃতীয় কুমিল্লার আবিদা চৌধুরী এবং ময়মনসিংহের আফরা জাহান তানভী।
