ফেনীর ছাগলনাইয়ায় মধ্যরাতে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। উপজেলা সদরের আদালত মাঠসংলগ্ন এলাকায় শুক্রবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। একাধিক সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা আলমগীর সিদ্দিকী ও রিয়াজ উদ্দীন মজুমদার টিপুর মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার লক্ষ্যে শুক্রবার রাতে পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠক চলাকালে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, আলমগীর সিদ্দিকী টিপুকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এরপর উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এ ঘটনায় হুমায়ুন, রিয়াজ উদ্দীন মজুমদার টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগসহ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র দাবি করেছে। স্থানীয়দের ভাষ্য, সীমান্ত এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণ এবং সরকারি জব্দ করা বালু বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ছাগলনাইয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. আলমগীর বলেন, ফেসবুকের মাধ্যমে গোলাগুলির বিষয়টি জেনেছি। তবে এখন পর্যন্ত দলীয়ভাবে কেউ অভিযোগ দেয়নি, থানাতেও কোনো লিখিত অভিযোগ হয়েছে বলে জানি না। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে।
তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, গোলাগুলির কারণ হিসেবে চোরাচালান ও বালু বাণিজ্যসংক্রান্ত বিরোধের কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ বা পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
