চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে প্রথমে কেলিশহর ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, ইন্নারপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেন (৫৪) এবং মো. মহসিন (৩৩)। আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি ধামাসহ দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে একই ইউনিয়নের ছাতিভাঙা এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে দু’টি একনলা বন্দুক ও দু’টি দেশীয় এলজি উদ্ধার করে ডিবি। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দুর্গম পাহাড়ি এলাকাকে আশ্রয় করে কিছু সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়ে আসছে। এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় ভয়ভীতি সৃষ্টি, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, অপরাধী ধরার মতো অভিযানের পরিকল্পনা আগাম প্রকাশ করা সম্ভব নয়। এতে অভিযানের কার্যকারিতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় সম্ভাব্য অপরাধী চক্রকে নজরদারিতে রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত করা, অস্ত্রের উৎস উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রামের দুর্গম পাহাড়ে ডিবি’র অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৬ জুলাই (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
