বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে কাওসার (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কুষ্টিয়া ডিসি পার্কের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে। নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ী এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। কাওসার কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের বন্ধু শাওন জানান, দুপুরে তারা কয়েক বন্ধু মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পুকুরের এক পাশ থেকে সাঁতরে অন্য পাশে চলে যান। পরে পেছনে তাকিয়ে দেখতে পান, কাওসার পুকুরের মাঝামাঝি গিয়ে তাকে বাঁচানোর জন্য ডাকছেন। কাওসার মোটামুটি সাঁতার জানতেন। শাওন বলেন, কাওসারের চিৎকার শুনে আমি আবার পানিতে নেমে তাকে ধরার চেষ্টা করি। কিন্তু সে ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছিল। আমি চিৎকার করে আশপাশের লোকজনের কাছে সাহায্য চাইছিলাম। একপর্যায়ে আমিও তার সঙ্গে পানির গভীরে তলিয়ে যাই। পরে কাওসারকে ছেড়ে দিয়ে কোনোভাবে উপরে উঠে এসে সবাইকে বিষয়টি জানাই। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা ধরে অভিযান চালানোর পর পুকুরের পানি থেকে কাওসারের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, প্রায় দেড় ঘণ্টা অভিযান চালানোর পর তাকে উদ্ধার করা সম্ভব হয়।
পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ওই কলেজছাত্রকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ায় পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
২৬ জুলাই (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
