জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে ডিপ্লোমা থেকে ব্যাচেলর (ডিগ্রি) পর্যায়ে উন্নীত করার ঘোষণা দেন। শনিবার সকাল ১১টায় সিলেট মহানগরীর ‘হোটেল নির্ভানা ইন’-এর সম্মেলন কক্ষে এ সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কলেজের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে প্রতিষ্ঠানের নামে সরকারি ভেস্টেড প্রোপার্টির জমি বরাদ্দের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, প্রথমে জমি বরাদ্দের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরই কলেজটিকে ডিপ্লোমা পর্যায় থেকে ব্যাচেলর পর্যায়ে উন্নীত করার প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সায়েদা পারভীন হোমিওপ্যাথি চিকিৎসার কার্যকারিতা তুলে ধরে নিজের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন।
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবদুল্লাহ আল মুজাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামসুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ ডা. এমদাদুল হক, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ফরিদ আহমদ, ডা. আসমা বেগমসহ কলেজের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
