জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার বিভিন্ন ধরনের কার্ড বিতরণের পরিবর্তে মানুষের প্রকৃত কর্মসংস্থান নিশ্চিত করুক। বিশেষ করে উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষিত ও অশিক্ষিত বিপুলসংখ্যক তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা না হলে দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। গত শুক্রবার সন্ধ্যায় ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের রেলস্টেশন এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সরকার বিভিন্ন ধরনের কার্ড দিচ্ছে। কিন্তু এসব কার্ড প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের হাতে পৌঁছাবে কিনা, সেটিই বড় প্রশ্ন।
অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে দলীয় নেতাকর্মীরাই এসব সুবিধা পেয়ে থাকেন, অথচ প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হন। তাই সরকারের প্রতি আহ্বান, যেসব কার্ড দেয়া হচ্ছে, তা যেন সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছে এবং এ প্রক্রিয়ায় কোনো ধরনের দলীয়করণ না হয়। তিনি আরও বলেন, দেশের লাখো তরুণ রাজপথে নেমে আত্মত্যাগের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ার স্বপ্ন দেখিয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বৈষম্য, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। পথসভায় আরও বক্তব্য দেন এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দলের কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানসহ অন্যান্য নেতারা।
এর আগে নাহিদ ইসলাম খালিয়াজুরী উপজেলা সদরের কলেজ মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। পরে রাতে নেত্রকোণা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত সমাবেশেও এনসিপি’র কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
