সিলেট নগরীর সব সড়ক দ্রুত সংস্কার হবে:বাণিজ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, সিলেট নগরীতে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এবং আন্তঃজেলা সংযোগের সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে। জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কার করা হবে। সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট সিটি করপোরেশন ও সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সিলেটের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি সড়ক নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। নগরীর ভেতরে সওজের আওতাধীন যেসব সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর পরই এসব সড়ক পূর্ণমানে উন্নীত করার কাজ শুরু হবে।

সিলেট-ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার সড়ক প্রশস্তকরণের প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া আম্বরখানা এলাকার যানজট নিরসনে লাক্কাতুরা থেকে টিবিগেট পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। সাহেবের বাজার হয়ে খাদিম-কালাগুল সড়ক সংস্কারের উদ্যোগও নেয়া হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সওজ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু সাঈদ মো. নাজমুল হুদা, সিলেট সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীবৃন্দ এবং সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন