ভোলা-৩ আসনের সাতবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর-বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলার লালমোহন উপজেলায় আনন্দ মিছিল করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে পৌরশহরের করিম রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিল শেষে লালমোহন পৌরশহরের চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তারা বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।
