বাগেরহাটে ২ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আমাদের সরকার ৫০ শয্যা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করেছে। শনিবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে নানা ত্রুটি-বিচ্যুতি দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না অথচ এখানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে আছে।

এ ছাড়া হাসপাতালের এসব অনিয়ম দেখে ঘটনাস্থলে বসেই মন্ত্রী সিভিল সার্জন ও ডিডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরপর মন্ত্রী পাশের একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন