সরকারি পরীক্ষায় অনিয়ম ও নিট প্রশ্নফাঁসের অভিযোগে দিল্লিতে এক মাসেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় দফার বৈঠকে কেন্দ্র সরকারের প্রতিনিধিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আলোচনার কয়েক ঘণ্টা আগেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান।
এদিন পদত্যাগপত্রে ধর্মেন্দ্র লিখেছেন, দেশের তরুণদের আশা-আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। ভারতের নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক অঙ্গীকার। দূরদর্শী নেতৃত্বে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, দেশের তরুণ শক্তিকে আমরা কোনোভাবেই বিভ্রান্তির জালে আটকে পড়তে দেব না।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ধর্মেন্দ্র আরও বলেন, যন্তর মন্তর এবং দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট পরিস্থিতির সুযোগ যাতে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি নিতে না পারে, দেশের ঐক্য অটুট থাকে, ভারতের একজন শিক্ষার্থীকেও যেন আইনি জটিলতায় পড়তে না হয় এবং আমাদের সন্তানরা যেন আন্দোলনের পরিবর্তে পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ায় মনোযোগ দিতে পারে- এসব বিষয় বিবেচনায় নিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।
এদিকে ধর্মেন্দ্রের পদত্যাগের পর শনিবার সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
