বাগেরহাটে ছুরিকাঘাতে নিজাম উদ্দিন (৪২) নামের এক আইনজীবী খুন হয়েছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে বাগেরহাট পৌর শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইনজীবী সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ এলাকার মৃত তোরাফ আলীর ছেলে ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মোটরসাইকেলে বাগেরহাট পৌর শহর থেকে বাড়ি ফিরছিলেন নিজাম।
পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিচয় কয়েকজন তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। বাগেরহাট মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
