কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা। শনিবার সকালে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে গত শুক্রবার সকাল ১০টার দিকে ইনানী মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ইনানী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসে থাকা সন্দেহভাজন যাত্রী হাফিজ উল্লাহ’র দেহ তল্লাশি করে অভিনব কৌশলে প্যান্টের ফিতার ভেতরে লুকিয়ে রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক হাফিজ উল্লাহ (৬৬) টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত তৈয়ম গোলালের ছেলে ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
