চট্টগ্রামে ড্রেন পরিষ্কারের সময় মিললো বস্তা ভর্তি বুলেট

চট্টগ্রামে ড্রেন পরিষ্কারের সময় মিললো বস্তা ভর্তি বুলেট

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীতে নালা পরিষ্কারের সময় বস্তাবন্দি অবস্থায় প্রায় ১ হাজার ৩৫০টি বুলেটের অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন নালা পরিষ্কার করার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা একটি বস্তা দেখতে পান। বস্তাটি খুলে বিপুল পরিমাণ বুলেটসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি জব্দ করে। তবে পুলিশ বলছে, উদ্ধার হওয়া বস্তুগুলো পূর্ণাঙ্গ গুলি নয়, এগুলো বুলেটের অগ্রভাগ (প্রজেক্টাইল) মাত্র।

ফলে বর্তমানে এগুলো ব্যবহারের উপযোগী নয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হাসান মোস্তফা স্বপন জানান, উদ্ধার হওয়া বস্তায় মোট ১ হাজার ৩৫০টি বুলেটের অংশ পাওয়া গেছে। এর মধ্যে ১ হাজার ২৩০টি ছোট আকারের এবং ১২০টি বড় আকারের বুলেটের অগ্রভাগ রয়েছে। তিনি বলেন, এগুলো পূর্ণাঙ্গ বুলেট নয়; কেবল বুলেটের সামনের অংশ। এতে পারকিউশন বা কার্তুজের পেছনের অংশ না থাকায় এগুলো বর্তমানে ব্যবহারযোগ্য নয়। ডিসি হাসান মোস্তফা স্বপন আরও বলেন, বড় আকারের বুলেটগুলো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত একে-৪৭-এর ৭.৬২ মিলিমিটার গুলির চেয়েও বড়।

প্রাথমিকভাবে এগুলো সামরিক বাহিনীর কোনো অস্ত্রে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলো কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্র বা গোলাবারুদের অংশ নয় বলেও তিনি নিশ্চিত করেন। তিনি জানান, এগুলো রাইফেলের বুলেটের অংশ হতে পারে বলে ধারণা করা হলেও সুনির্দিষ্টভাবে কোন অস্ত্রের তা পরীক্ষা-নিরীক্ষার আগে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, নালা পরিষ্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা বস্তাটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। কে বা কারা, কী উদ্দেশ্যে এসব বুলেটের অংশ সেখানে ফেলে গেছে- তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া বস্তুগুলোর প্রকৃত ধরন, উৎস ও ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন