ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহির দাবিতে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে ভারতীয় প্রবাসীদের উদ্যোগে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার সিডনির প্যারামাটায় অনুষ্ঠিত সমাবেশে ৪০০ জনেরও বেশি মানুষ অংশ নেন বলে আয়োজকদের দাবি।
ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস অস্ট্রেলিয়া, আম্বেদকারাইট গ্লোবাল ফেডারেশন অস্ট্রেলিয়া, ইন্ডিয়ান ক্রিসেন্ট সোসাইটি অব অস্ট্রেলিয়া, প্যাটকা, ক্রসওভার স্টোরিজসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থী, শিক্ষাবিদ, পেশাজীবী, সমাজনেতা এবং প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশ নাগরিকের মৌলিক অধিকার।’ তারা ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নাগরিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্বেগ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনারও আহ্বান জানানো হয়।
সমাবেশে নিট (NEET) ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং আত্মহত্যা করা শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। অনুষ্ঠান জুড়ে অংশগ্রহণকারীরা ন্যায়বিচার, গণতন্ত্র, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং মৌলিক স্বাধীনতার পক্ষে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আয়োজকরা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহির দাবিতে প্রবাসী ভারতীয়দের ঐক্যবদ্ধ উপস্থিতি আন্দোলনের প্রতি আন্তর্জাতিক সংহতির একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে।
এদিকে একই দিনে মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে ও ভারতজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে ভারতীয় প্রবাসীরা শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান এবং চলমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সমাবেশের শেষদিকে আত্মহত্যা বা আত্ম-ক্ষতির কারণে প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের আয়োজন করা হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সহানুভূতি, জবাবদিহি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আয়োজকদের ভাষ্য, সিডনি ও মেলবোর্নের এই দুই কর্মসূচি দেখিয়েছে যে, স্বদেশের ঘটনাপ্রবাহের সঙ্গে প্রবাসী ভারতীয়দের গভীর আবেগিক সম্পর্ক রয়েছে এবং শিক্ষার্থীদের ন্যায্যঅধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ অবস্থান নিতে প্রস্তুত।
ভারতের শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সিডনি–মেলবোর্নে প্রবাসীদের বিক্ষোভ
আলমগীর হোসেন রুহেল, সিডনি (অস্ট্রেলিয়া) থেকে
প্রবাস
১ ঘন্টা আগে
২৫ জুলাই (শনিবার), ২০২৬, ১১ঃ৫৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
