ফ্যাসিস্ট প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পুর ষড়যন্ত্রের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগেই সরকারকে সতর্ক করেছিল, কিন্তু তখন তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের আকাক্সক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাবে। জুলাইয়ের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান। এ চেতনা নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে।
তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন টেলিভিশনে এখনও ফ্যাসিবাদের বয়ানকে প্রশ্রয় দেয়া হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মাটি, সম্পদ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো অপচেষ্টা হলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল করিম এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
