সরকারি হাসপাতাল নিজেই অসুস্থ, রাস্তা-ঘাট ভেঙে গেছে, মানুষের প্রথম দাবি এখন উন্নয়ন। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ তুলে ধরার পর বক্তব্যের বড় একটি অংশজুড়ে মৌলভীবাজার জেলার উন্নয়ন বঞ্চনা, ভাঙাচোরা সড়ক,বিশুদ্ধ পানির সংকট এবং স্বাস্থ্যসেবার দুরবস্থা নিয়ে কথা বলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
তিনি বলেন, ‘সতের বছর আওয়ামী লীগ সরকার মৌলভীবাজার, রাজনগর ও কুলাউড়া—এই তিনটা উপজেলাকে উন্নয়নের দিকে একেবারে বঞ্চিত করেছে। নির্বাচনের সময় অনেকেই দেশে গিয়েছিলেন। আপনারা নিজের চোখে রাস্তার দুরাবস্থা দেখেছেন। এসবই তো সাইফুর রহমান, নাসের রহমানের
আমলে দেয়া রাস্তা। সেভেনটিন ইয়ারস কিচ্ছু করে নাই। বেসিক মেইনটেইননেন্সও করে নাই।’
তিনি আরও বলেন, ‘আমাদের যদি একশটা রাস্তা থাকে, জাস্ট দুইটা বা তিনটা রাস্তার মেইনটেইননেন্সের কাজ আসতো। শুধু শো-পিস দেখাইবার লাগি। এখন আমাদের টপ প্রায়োরিটি হলো এই রোডগুলা সুন্দর করে রি-কার্পেটিং করা।’
বিশুদ্ধ পানির সংকটের কথা উল্লেখ করে এমপি নাসের রহমান বলেন, ‘সেকেন্ড প্রায়োরিটি হলো বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করা। বরাদ্দ এসেছে। একেকটা প্রকল্প ২০-২৫ লাখ টাকার। গ্রামের ভেতরে স্থাপন করে পানির লাইন দিয়ে সবাইকে বিশুদ্ধ পানির সরবরাহ করা হবে। এই দুটাই এখন গ্রামীণ জনপদের মানুষের সবচেয়ে বড় ডিমান্ড।’
এরপর স্বাস্থ্যখাতের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আর বিগেস্ট, হাইয়েস্ট ডিমান্ড হলো হাসপাতাল। হাসপাতাল নিজেই অসুস্থ।’
মৌলভীবাজার সদর হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘হাসপাতালের দায়িত্বে যারা আছেন তারা লুট করা ছাড়া আর কিচ্ছু বুঝেন না। কেমনে টাকা মারবে। কেমনে টাকা লুটবে এমন চিন্তা তাদের।’ দীর্ঘদিন একই কর্মকর্তার দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নাসের রহমান বলেন, ‘মৌলভীবাজার সদর হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসারের ম্যাক্সিমাম মেয়াদ থাকার কথা দুই কি তিন বছর। অথচ উনি এখনও আছেন। টুয়েলভ ইয়ার সিটিং দেয়ার। বারো বছর। সে একটা সিন্ডিকেট বানাইছে। কি একটা অবস্থা। ওর কাছে সবাই জিম্মি।’
স্বাস্থ্যখাতে বড় অঙ্কের বরাদ্দের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হাসপাতালগুলোর ডেভেলপমেন্ট করার জন্য ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাট খরচ হবে কীভাবে? খরচ করবেন কারে দিয়ে? ওই সেই অসৎ অফিসারকে দিয়ে? এই সিস্টেমটাই তো রটেড।’
তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে শুধু অর্থ বরাদ্দ দিলেই হবে না প্রশাসনিক সংস্কার ও জবাবদিহি নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।’ মঙ্গলবার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ শরিফুজ্জামান চৌধুরী তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা ড. হাসনাত এম হোসেইন এমবিই, বিবিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহগীর বখত ফারুক, বিবিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু,কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরু। সভা পরিচালনা করেন আলহাজ অদুদ আলম অদুদ ও দেলোয়ার হোসেন আহাদ।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত মৌলভীবাজারবাসী ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় এম নাসের রহমানের সহধর্মিণী রেজিনা নাসের ও দুই কন্যা উপস্থিত ছিলেন।
