অন্তরঙ্গ ভিডিও ভাইরালের জেরে শ্যামনগরে জামায়াত নেতার দলত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল

অন্তরঙ্গ ভিডিও ভাইরালের জেরে শ্যামনগরে জামায়াত নেতার দলত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল

ফন্ট সাইজ:

জামায়াতে ইসলামীর এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরালের জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে দলটির এক স্থানীয় নেতা প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ব্যতিক্রমী এ কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দলত্যাগকারী মো. দেলোয়ার হোসেন হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক এবং যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মো. মুনসুর সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি প্রকাশিত ভিডিও বিতর্কের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকে তিনি দলীয় রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবে এলাকাবাসীর উপস্থিতিতে এক মণ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

দেলোয়ার হোসেন বলেন, ‘সাম্প্রতিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। দীর্ঘদিন ধরে দলের একজন কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতি আমার বিবেককে নাড়া দিয়েছে। তাই বিবেকের তাড়নায় জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।’

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, ‘দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে দলের সক্রিয় কর্মী ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত ছিলেন। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।’ তাদের মতে, সংসদ সদস্যকে ঘিরে যে অভিযোগ ও বিতর্ক সৃষ্টি হয়েছে, সে বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন।

উল্লেখ্য, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর দল থেকে তাকে বহিষ্কার করা হয়। 


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন