ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের প্রভাব ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনে শরিক হতে মুম্বাইয়ের রাস্তায় নেমেছেন শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা। সেই আন্দোলনের মাঝেই আলোচনায় উঠে এসেছেন ২৭ বছর বয়সী অভিনেত্রী ও মডেল রিয়া আহির।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মুম্বাইয়ে আন্দোলনের সময় স্থানীয় পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে একটি ভ্যানে তুলে নিয়ে যেতে শুরু করলে রিয়া ভ্যানটির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন।
তিনি দাবি জানান, আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। মুম্বাইয়ের শিবাজি পার্কের কাছে পুলিশের ভ্যানের সামনে তার দাঁড়িয়ে থাকার ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এই ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রিয়ার ভাষ্য, সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে তিনি শিবাজি পার্কের দিকে হাঁটছিলেন। তখন তিনি দেখেন, একটি পুলিশ ভ্যানে বেশ কয়েকজন আন্দোলনকারীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তার মনে হয়েছিল, তাদের অকারণেই আটক করা হয়েছে। তাই তিনি দৌড়ে গিয়ে ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েন।
আন্দোলনকারীদের স্লোগান শুনে তিনি আর নীরব থাকতে পারেননি বলেও জানান। রিয়া বলেন, ঘটনাস্থলে তার সঙ্গে পুলিশ সদস্যদের কথাকাটাকাটি হয়। পুলিশের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়, কিছু দূরে নিয়ে গিয়ে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হবে।
তবে রিয়া প্রশ্ন তোলেন, যদি শেষ পর্যন্ত ছেড়েই দেয়া হয়, তাহলে তাদের সঙ্গে সঙ্গে মুক্তি দেয়া হচ্ছে না কেন? তার দাবি, এই প্রশ্নের সন্তোষজনক উত্তর পুলিশ দিতে পারেনি। রিয়ার মতে, পুলিশের অবস্থান থেকেই বোঝা যাচ্ছিল যে তাদের পদক্ষেপ যথাযথ ছিল না।
রিয়া আরও জানান, বাইরে থেকে নিজেকে শান্ত রাখলেও ভেতরে ভেতরে তিনি খুবই আতঙ্কিত ছিলেন। তবুও সাহস করে তিনি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকেন। শেষ পর্যন্ত পুলিশ আটক আন্দোলনকারীদের মুক্তি দেয়। মুক্তি পাওয়ার পর অনেকেই তার কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হাত মিলিয়ে ধন্যবাদ জানান।
ওই ঘটনার প্রসঙ্গে রিয়া বলেন, তিনি আগে থেকে কোনো পরিকল্পনা করে সেখানে যাননি। পরিস্থিতি দেখে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
তার আশঙ্কা ছিল, আন্দোলনকারীদের থানায় নিয়ে গেলে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে এবং দীর্ঘ সময় আটক থাকতে হতে পারে।
একজন সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন বলেই তিনি মনে করেন। তার কথায়, সেদিন যদি তিনি কিছু না করতেন, তবে নিজের কাছেই ছোট হয়ে যেতেন।
ঘটনার পর রিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল হওয়া ছবিটি শেয়ার করেন।
পেশায় তিনি একজন অভিনেত্রী, মডেল, সঞ্চালক ও উদ্যোক্তা। বিনোদন জগতের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে মতামত দেয়ার জন্যও তিনি পরিচিত।
যন্তর মন্তরের আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। মুম্বইয়েও নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছে নতুন প্রজন্ম। সেই আন্দোলনে আলোচনায় উঠে এসেছেন ২৭ বছরের মডেল রিয়া আহির।
