এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। গতকাল নাগোয়ায় এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। আগামী ১৯শে সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় হবে এশিয়ান গেমসের ২০তম আসর। এ আসরে দ্বিতীয়বারের মতো খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। চার বছর আগে চীনের হাংজুতে হওয়া টুর্নামেন্টে প্রথমবার খেলেছিল বাংলাদেশ। সেই বার গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা।
তিন ম্যাচে এক ড্র ও দুই হার নিয়ে বাংলাদেশের মেয়েরা দেশে ফেরেন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে এশিয়ার ডার্কহর্স জাপানের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে হারে ৬-১ গোলে। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের আশা জাগিয়েছিল মেয়েরা। তবে শেষদিকে গোল হজম করে ড্র নিয়ে বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয়। এবার আরও কঠিন চ্যালেঞ্জ। ঋতুপর্ণা চাকমা, সাগরিকাদের লড়তে হবে এশিয়ার দুই পরাশক্তি দক্ষিণ ও উত্তর কোরিয়ার বিপক্ষে। দক্ষিণ কোরিয়ার মেয়েরা ১০ বার এশিয়ান গেমস ফুটবলে অংশ নিয়ে জিতেছে তিনটি ব্রোঞ্জ পদক। আর এ ইভেন্টের অন্যতম সফল দল উত্তর কোরিয়ার ঝুলিতে আছে তিনটি সোনার পদক। এই দুই কোরিয়ার চেয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ মিয়ানমার।
তারাও বাংলাদেশের মতোই একবার খেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে তিন গ্রুপে ভাগ হয়ে মোট ১২ দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে স্বাগতিক জাপানের সঙ্গী চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। ‘সি’ গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।
