‘দ্য হান্ড্রেড’ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

‘দ্য হান্ড্রেড’ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

ফন্ট সাইজ:

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ দল পেয়ে ইতিহাস গড়েন মোস্তাফিজুর রহমান। তবে বল মাঠে গড়ানোর আগেই তা দুঃস্বপ্নে পরিণত হলো। হাঁটু ও হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন এ টাইগার পেসার।

এবারের নিলামে ১ লাখ পাউন্ডে কাটার মাস্টারকে দলে ভেড়ায় বার্মিংহ্যাম ফিনিক্স। গত ৬ই জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিংয়ের সময় চোটে পড়েন তিনি। পরবর্তীতে চিকিৎসায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড-১ টিয়ার’ ধরা পড়ে এবং পুরোনো হাঁটু ও মেনিস্কাসের সমস্যাও নতুন করে দেখা দেয়।

বিসিবি ও বার্মিংহ্যামের সম্মিলিত মেডিকেল বিভাগের সিদ্ধান্তের পর দেশেই তার পুর্নবাসন (রিহ্যাব) চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী সোমবার বিসিবিতে মোস্তাফিজের চূড়ান্ত ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে তার আগেই বাঁহাতি পেসারের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্মিংহ্যাম কর্তৃপক্ষ। গতকাল তাদের বিবৃতিতে জানানো হয়েছে, দ্রুতই মোস্তাফিজের বদলি ক্রিকেটারের নাম প্রকাশ করা হবে।

ডেথ ওভারে মোস্তাফিজের কাটার ও অভিজ্ঞতা বার্মিংহ্যামের বোলিং আক্রমণের বড় শক্তি হতে পারত। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই তাকে হারানো ফ্র্যাঞ্চাইজিটির জন্য বড় ধাক্কা। তবে আপাতত টেস্ট ফরম্যাট না খেলায়, সামনে অস্ট্রেলিয়া সিরিজের আগে জাতীয় দল নিয়ে এই কাটার মাস্টারকে ঘিরে বিসিবির বাড়তি দুশ্চিন্তা থাকছে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন