এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে জামায়াতের চিঠি

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে জামায়াতের চিঠি

ফন্ট সাইজ:

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর পাঠানো এক চিঠিতে দলটি জানিয়েছে, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।

চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ২২শে জুলাই আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো ওই চিঠিতে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবগতির জন্য জানানো হলো এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হচ্ছে।

এদিকে, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, শুধু কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কার হলেই সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের দাবি, সংবিধানের বিধান অনুযায়ী গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকার সুযোগ নেই। ফলে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি এখন সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন