বাংলাদেশের এলডিসি উত্তরণ

চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জাতিসংঘের সাধারণ পরিষদে সুপারিশ ইকোসকের

ফন্ট সাইজ:

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে টেকসই ও নির্বিঘ্ন উত্তরণ নিশ্চিত করতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) কাছ থেকে প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সুপারিশ চেয়েছিল বাংলাদেশ। তবে ইকোসক এ বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সুপারিশ করেছে। মঙ্গলবার জাতিসংঘে ইকোসকের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইকোসক নেপালের এলডিসি থেকে উত্তরণের বিষয়েও একই সুপারিশ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধের পটভূমি, প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, এলডিসি থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে অতিরিক্ত প্রস্তুতিকাল অপরিহার্য। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৃহস্পতিবার অনুষ্ঠেয় ইকোসকের সভায় বাংলাদেশের আবেদন পর্যালোচনা করে প্রস্তুতিকাল কতদিনের জন্য বাড়ানো যায়, তার সুপারিশ করা হবে। সেই সুপারিশের ভিত্তিতে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বাংলাদেশ সরকার গত ১৮ই ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪শে নভেম্বর পর্যন্ত নির্ধারণের আবেদন জানায়। গত ৬ই এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এক চিঠিতে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত সহযোগিতা চান। গত জুনে সিডিপি বাংলাদেশের উত্তরণ পেছানোর আবেদনকে সমর্থন জানালেও কতদিনের জন্য সময় বাড়ানো উচিত, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সুপারিশ করেনি।

স্থায়ী মিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও নেপালের আবেদন পর্যালোচনা করে প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধ জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপনের জন্য সিডিপিও মত দিয়েছিল। সেই সুপারিশের ভিত্তিতে আগামী ২৪শে নভেম্বরের আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য সাধারণ পরিষদকে অনুরোধ করেছে ইকোসক। ওই তারিখে বাংলাদেশ ও নেপালের এলডিসি থেকে উত্তরণের তারিখ নির্ধারিত রয়েছে। গত শুক্রবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন