যুক্তরাষ্ট্র, চীন রাশিয়া ও পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র, চীন রাশিয়া ও পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ফন্ট সাইজ:

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিদেশি কূটনীতিক এবং পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ব্যস্ততম দিন কাটিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গতকাল ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংযোগ বৃদ্ধি (কানেক্টিভিটি) ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। বাংলাদেশ জানায়, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে ভবিষ্যতের বৈদেশিক সম্পর্ক পরিচালিত হবে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এসব বৈঠকে উপস্থিত ছিলেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে দুই দেশ চীন-বাংলাদেশ সমন্বিত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়। বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবাসন, বহুমুখী পরিবহন করিডোর, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে তিনি ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। বৈঠকে দুই দেশ জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে সম্মত হয়। পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সাক্ষাৎ দেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

গত ১০ই জুলাই নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে আসিয়ানের রিজিওনাল ফোরামে যোগ দিতে ২১শে জুলাই ম্যানিলায় পৌঁছান। সফরের পরবর্তী গন্তব্য মালদ্বীপ। সেখানে দেশটির জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি কয়েকটি আনুষ্ঠানিক কর্মসূচিতেও যোগ দেবেন। আগামী ২৭শে জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন