রাজধানীতে রিকশাচালকের ছদ্মবেশে ছিনতাই, ছুরিকাঘাতে নারী আহত

ফন্ট সাইজ:

মোহনা ইসলাম (৩৩)। দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করেন। প্রতিদিনের মতো সন্তানদের আনতে রিকশাযোগে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে রিকশা নষ্ট হওয়ার কথা বলে চালক নেমে পড়েন। রিকশাটি রামপুরা ব্রিজের ওপরে থামান। এরপর তিনি রিকশা ঠিক করার কথা বলে ভুক্তভোগী ওই নারীকে চেপে বসতে বলে তার পাশে বসে পড়েন। চালকের কাছে থাকা ছুরি বের করে ওই নারীকে ভয়ভীতি দেখায় এবং কাছে থাকা সবকিছু দিতে বলে। মোহনা ইসলাম পরিস্থিতি বুঝতে পেরে নিজের কাছে থাকা সবকিছু আগেই দিতে রাজি হন। তারপরও চালক ওই নারীর হাতে ও বুকে ছুরি দিয়ে আঘাত করে। এতে ভুক্তভোগীর ডান হাতের কব্জিতে গুরুতর জখম হয়। দ্রুত তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। চালকের বেশে এই ছিনতাইকারী মোহনার গলায় থাকা স্বর্ণের চেইন ধরে টান দিলে ছিঁড়ে যায়। ঘটনার সময় চিৎকার এবং ধস্তাধস্তি হলে আশপাশে থাকা ব্যক্তিরা ছুটে এসে চালককে ধরে ফেলেন। এ সময় তাকে হাতিরঝিল থানায় দেন।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনার খবর শুনে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল টিম পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এসেছেন। তারা অভিযোগ দিলে আমরা মামলা নেবো। ছিনতাইয়ের এ ঘটনায় একজন আটক রয়েছেন। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন