নাটোরে ভ্যানচালক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

নাটোরে ভ্যানচালক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

চালককে হত্যা করে চার্জারভ্যান ছিনতাই মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং মামলার অন্য একটি ধারায় আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। মামলায় অপর একজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ছয়মাসের সশ্রম কারাদণ্ড দেয়ার কথা বলা হয়েছে। বুধবার নাটোরের জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় দেন। রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের আব্দুল হামেদের ছেলে মো. শরিফুল ইসলাম, একই গ্রামের খোদাবক্স মণ্ডলের ছেলে মাজেদুল মণ্ডল ও মকবুল হোসেনের ছেলে মো. রানা এবং কুড়িগ্রাম জেলার রাজারহাটের মোস্তফা মণ্ডলের ছেলে লিটন ওরফে মিঠন মণ্ডল।

মামলায় অপর আসামি রাজশাহী জেলার বাঘা এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মো. শওকত আলী মণ্ডলকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আসামিদের মধ্যে মো. রানা শুরু থেকেই পলাতক রয়েছেন। তাকে আটকের দিন থেকে রায় কার্যকর হবে এবং আগে থেকে গ্রেপ্তারকৃতরা যত দিন হাজতবাস করেছেন সেই সময়গুলো দণ্ড থেকে মওকুফ পাবেন। অর্থ দণ্ডপ্রাপ্তি সাপেক্ষে মোট টাকার মধ্যে তিন লাখ টাকা আদালতের মামলার ব্যয়ভার রেখে বাকিটা বাদীকে প্রদান করা হবে। আদালত সূত্র জানায়, জেলার রাজশাহী জেলার বাঘা উপজেলার বেড়েরবাড়ী গ্রামের জিয়া সর্দারের কিশোর ছেলে মো. প্রান্ত (১৬) সড়কে চার্জারভ্যান গাড়ি চালাতেন। ২০১৮ সালের ২৯শে সেপ্টেম্বর তিন ব্যক্তি আড়ানী বাজার থেকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা বাজারে আসার কথা বলে তার ভ্যানটি ভাড়া করে।

সেই রাতে আর প্রান্ত বাড়ি ফিরে আসেনি তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরের দিন সকালে বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের একটি ফসলি জমিতে তার হাত পা বাঁধা ও মুখের মধ্যে কাপড় গুজে শ্বাসরোধ করে হত্যা করা মরদেহ পাওয়া যায়। নিহত প্রান্তের পিতা জিয়া সর্দার সেদিনই বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে জড়িতদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আসামিরা আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন