অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম, বেআইনি সিদ্ধান্ত ও পক্ষপাতিত্বের বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনাল। এই রায়ের মাধ্যমে আটাবের বিতর্কিত ও অনিয়মপূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা বাতিল, শীর্ষ নেতৃত্বের বেআইনিভাবে বাতিলকৃত প্রার্থিতা পুনর্বহাল এবং নতুন পুনঃতফসিল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনস্থ ‘সাংগ্রিলা ইন’-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আটাবের ভুক্তভোগী প্রার্থী ও সাধারণ সদস্যরা বিজ্ঞ ট্রাইব্যুনালের এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানান এবং একটি স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে বানিজ্য মন্ত্রীর নিকট ৫-দফা দাবি পেশ করেন। এতে আটাব সদস্যরা নতুন বোর্ড গঠন করে পুনঃতফসিলে নিরপেক্ষ আটাব নির্বাচনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, গত ১২ জুন প্রকাশিত আটাব নির্বাচনের ভোটার তালিকায় মারাত্মক অনিয়ম সংঘটিত হয়। যেখানে বাতিলকৃত লাইসেন্সধারী প্রতিষ্ঠান, ভুয়া ভোটার এবং মৃত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয় এবং ৪৬ জন বৈধ সদস্যকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়। এছাড়া বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর ভুল প্রয়োগ করে দেশের শীর্ষ ৪ ট্রাভেল ব্যবসায়ীর মনোনয়নপত্র বেআইনিভাবে বাতিল করা হয়েছিল। এসব অন্যায়ের বিরুদ্ধে এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা (মামলা নং- ০৫/২০২৬ এবং ০৬/২০২৬)-এর শুনানি শেষে গত ২১ জুলাই বিজ্ঞ ট্রাইব্যুনাল কিছু সিদ্ধান্ত দেন
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশাসনিক আদেশে পূর্বের কমিটি বাতিল হওয়ায় প্রার্থীর মেয়াদের অকাল অবসান ঘটেছিল। ফলে ‘পরপর ২ মেয়াদ পূর্তি হয়েছে’ অজুহাতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে সম্পূর্ণ বেআইনি ও বাতিল ঘোষণা করা হয়। এর ফলে আটাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ, সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান খান রেজোয়ান এবং সাবেক উপমহাসচিব ইদ্রিস মিয়ার প্রার্থিতা পুনর্বহাল হয়েছে। অন্যদিকে অনিয়ম ও ভুয়া ভোটারের অভিযোগে বিতর্কিত চূড়ান্ত ভোটার তালিকা সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৩ সদস্যের আপিল বোর্ডে ১ জন অনুপস্থিত থাকা সত্ত্বেও সিদ্ধান্তে স্বাক্ষর করাকে আদালত এখতিয়ার বহির্ভূত এবং প্রাকৃতিক ন্যায়বিচারের মূল নীতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। এছাড়া ঘোষিত নির্বাচনী তফসিলের ৩ থেকে ২০ নম্বর কার্যক্রম বাতিল করে নতুনভাবে ‘পুনঃতফসিল’ প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী প্রার্থী ও সদস্যদের ৫-দফা দাবি: ট্রাইব্যুনালের রায়ের আলোকে আটাবে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলনে বানিজ্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নিম্নোক্ত ৫-দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- ১. অনিয়ম ও কোরাম ভঙ্গের দায়ে বিদ্যমান নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড অবিলম্বে অপসারণ করে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমে উভয় বোর্ড পুনর্গঠন করতে হবে। ২. প্রার্থিতা ফেরত পাওয়া চারজনসহ অন্যায়ভাবে বাতিলকৃত সকল বৈধ প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে। ৩. বাতিলকৃত ভোটার তালিকার পরিবর্তে ভুয়া ও বাতিল লাইসেন্সধারী প্রতিষ্ঠান বাদ দিয়ে আইনানুগ নতুন প্রাথমিক ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ৪. এফবিসিসিআই ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ অনুযায়ী অবিলম্বে নতুন সময়সূচি নিয়ে ‘পুনঃতফসিল’ ঘোষণা করতে হবে। ৫. নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, প্যানেল প্রধান এএসএম ইব্রাহিম, দিদারুল হক, মাহমুদুল আলম সিদ্দিকী। আটাবের সাধারণ সদস্য ও ভুক্তভোগী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, দ্রুততম সময়ে সব আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আটাবে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা হবে।
