রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সাগর হোসেন বুলেট (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুলেট হাজারীবাগের ভাগলপুর লেনের ১৫ নম্বর বাসার শাহাদাত হোসেনের ছেলে।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা অটোচালক ইব্রাহিম জানান, প্রতিদিনের মতো কাজ শেষে আমার অটোরিকশা গ্যারেজে রাখার জন্য যাচ্ছিলাম। এ সময় হাজারীবাগ পার্কের রাস্তার পাশে মন্দিরের গলিতে ওই যুবককে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখি। তার মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয় আরেকজনের সহযোগিতায় ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আমাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। পরবর্তীতে আমি তাকে নিয়ে দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই শাওন জানান, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে আমরা এ ঘটনার ব্যাপারে জানতে পারি। কে বা কারা আমার ভাইকে মেরে ফেলে গেছে এ ব্যাপারে কিছুই বলতে পারছি না। আমার ভাই নির্দিষ্ট কোনো কাজ করত না। বেশ কিছুদিন যাবৎ সে একটি গাড়ির হেলপারি করছিলো।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
