সাবেক ক্রিকেটারদের লাউঞ্জ ‘টাইগার্স ডেন’

সাবেক ক্রিকেটারদের লাউঞ্জ ‘টাইগার্স ডেন’

ফন্ট সাইজ:

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সম্মান জানাতে তৈরি করা হয়েছে একটি দৃষ্টিনন্দন ও বিশ্বমানের বিশেষ লাউঞ্জ। সাবেক ক্রিকেটারদের জন্য লাউঞ্জ ‘ টাইগার্স ডেন’ তৈরি করে কথা রাখছেন বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) নয়া সভাপতি তামিম ইকবাল। গতকাল গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে এক ফলপ্রসূ মতবিনিময় সভা শেষে এই নবনির্মিত আন্তর্জাতিক মানের লাউঞ্জটি ঘুরে দেখার সুযোগ করে দেন বিসিবি সভাপতি।

লাল-সবুজের জার্সিতে অন্তত ১ দিনের জন্য হলেও দেশের হয়ে আন্তর্জাতিক ময়দানে প্রতিনিধিত্ব করা প্রত্যেক পুরুষ ও নারী ক্রিকেটারের আরামদায়ক অবস্থানের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। হোম অব ক্রিকেটে যেকোনো আন্তর্জাতিক ম্যাচের দিনে সরাসরি মাঠে বসে খেলা উপভোগের পাশাপাশি সাধারণ দিনগুলোতে সাবেক তারকারা এখানে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন। এ নিয়ে তামিম বলেন, ‘এখানে আমাদের বাংলাদেশ দলকে অন্তত একদিনের জন্যও প্রতিনিধিত্ব করা পুরুষ ও নারী ক্রিকেটারদের বসার ব্যবস্থা থাকবে। তারা খেলার দিনে খেলা উপভোগ করতে পারবেন। কিংবা সাধারণ দিনে অফিসের কাজের সময়ের মধ্যে এসে এখানে সময় কাটাতে চাইলে সেটারও সুব্যবস্থা থাকবে।’

জাতীয় দলের প্রাক্তন অধিনায়কদের জন্য মিরপুর স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে ‘ক্যাপ্টেনস বক্স’ চালু থাকলেও, অন্যান্য সাধারণ সাবেক ও বর্তমান ক্রিকেটারদের জন্য পৃথক কোনো ব্যবস্থা ছিল না। সেই অভাব দূর করতেই বিসিবি প্রধানের উদ্যোগ। তামিম বলেন, “আমরা ক্রিকেটারদের জন্য ‘টাইগার্স ডেন নামে এই বিশেষ লাউঞ্জটি চালু করেছি। আমি আগেও বলেছি, আমাদের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার- যারা বাংলাদেশ ক্রিকেটকে ধারণ করেন, তাদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেসব পদক্ষেপ নেয়া প্রয়োজন, আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ্‌ সেগুলো বাস্তবায়িত করবো।”

এ বছর ৪ঠা মে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে বোর্ড সভাপতি থাকার সময় মাঠে নেমে পূর্ব গ্যালারিতে একটি লাউঞ্জ তৈরির কথা বলেছিলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিকল্পনার বিস্তারিত খোলাসা করছিলেন তামিম। লাউঞ্জের সামনে থাকবে নান্দনিক বেলকনি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের অফিসও থাকবে সেখানেই। গতকাল তিনি তা বাস্তব রূপ দিয়ে সংবাদিকদের নিয়ে লাউঞ্জটি ঘুরে দেখিয়েছেন। অনেকটা লর্ডসের ক্রিকেটার্স লাউঞ্জের আদলে এখানে আছে বেলকনি, দ্রুতই তৈরি করা হবে ২৫০ আসনের একটি গ্যালারিও। সেখানে বসে খেলা দেখবেন শুধু মাত্র জাতীয় দলে খেলা সাবেক নারী ও পুরুষ ক্রিকেটারা।

এ সময় তিনি আরও বলেন, ‘জাতীয় ক্রিকেটারদের জন্য কিছু করার বিষয়টি আমার কাছে দীর্ঘদিনের বকেয়া কাজ বলে মনে হচ্ছিল। অধিনায়কদের জন্য একটি ‘ক্যাপ্টেনস বক্স’ অনেক বছর ধরেই আছে, তবে অন্যান্য ক্রিকেটারদের জন্য হয়তো আলাদা কিছু ছিল না। সেই ভাবনা থেকেই আমার এই ছোট প্রয়াস। আশা করি আপনারা এটি পছন্দ করেছেন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন