উৎসবমুখর পরিবেশে শুরু নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব

উৎসবমুখর পরিবেশে শুরু নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব

ফন্ট সাইজ:

উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে শুরু হয়েছে প্রতিভা অন্বেষণমূলক মেগা ইভেন্ট ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্যদিয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে এই জাতীয় পর্বের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, অতিরিক্ত সচিব আমেনা বেগম, মাহফুজুল আলম খান এবং সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় গত পহেলা মে সিলেট থেকে যাত্রা শুরু করা এই আয়োজন উপজেলা, জেলা ও বিভাগীয় ধাপ পেরিয়ে এখন জাতীয় পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, খেলার মাঠে সব খেলোয়াড় কেবল বাংলাদেশি পরিচয়েই পরিচিত হন, তাই সামপ্রতিক বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কাজে লাগিয়ে দেশের খেলাধুলাকে আরও এগিয়ে নেয়ার আহ্বান জানান। তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। গত পহেলা জুলাই থেকে দ্বিতীয় আসরের নিবন্ধনও শুরু হয়েছে। যার উদ্বোধন হবে আগামী সেপ্টেম্বরে। দেশের ৪ হাজার ৫৮৯টি ইউনিয়ন ও ৫০৩টি উপজেলা থেকে দল গঠন করে বছরব্যাপী এই আয়োজন চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

আগামী ২৭শে জুলাই আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় ছেলেমেয়ে উভয় বিভাগে জমজমাট লড়াই দেখা যায়। ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক ও বাটারফ্লাই-সব ইভেন্টেই খুলনা, ঢাকা ও রাজশাহীর সাঁতারুরা দাপট দেখান। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক (বালিকা বিভাগ)-এ প্রথম হন খুলনার তিশা খাতুন। তিনি সময় নেন ৪৬.১৮ সেকেন্ড। একই অঞ্চলের মোসাঃ সাদিয়া খাতুন ৭ মিলি সেকেন্ড বেশি নিয়ে হন দ্বিতীয়। তৃতীয় স্থান অধিকার করেন ঢাকার তিথি মনি শীল। তিনি সময় নেন ৪৭.৪ সেকেন্ড। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে (বালক বিভাগ) খুলনার রাফিন ইসলাম ৩৪.১৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। একই বিভাগে রাজশাহীর রাইসুল ইসলাম ৩৬ মিলি সেকেন্ড সময় বেশি নিয়ে দ্বিতীয় এবং নয়ন হোসেন তৃতীয় হন। বালিকা বিভাগের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন খুলনার মোসাঃ নিঝুম খাতুন। এই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন যথাক্রমে ঢাকার তিথি মনি শীল ও তনিমা আক্তার। অপরদিকে, বালক বিভাগের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে রাজশাহীর যুবরাজ সেন ৩৬.৯৪ সেকেন্ডে প্রথম স্থান অধিকার করেন। এই বিভাগে খুলনার আকাশ আহমেদ দ্বিতীয় এবং মো. নিলয় ইসলাম তৃতীয় হন। বালিকা বিভাগের ৫০ মিটার ব্যাক স্ট্রোক ইভেন্টে খুলনার নিঝুম খাতুন ৪০.৯৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হন। এই ইভেন্টে দ্বিতীয় খুলনার উম্মে হাবিবা এবং তৃতীয় রাজশাহীর মেহেজাবিন ইয়াসমিন। এ ছাড়া ৫০ মিটার ফ্রি স্টাইল (বালিকা বিভাগ)-এ খুলনার মোসাঃ সাদিয়া খাতুন প্রথম স্থান, কুমিল্লার অদিতি নাগ দ্বিতীয় এবং খুলনার তিশা খাতুন তৃতীয় হন।

প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইল (বালক বিভাগ)-এ ঢাকার মো. সোহান মাত্র ২৮.৩০ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। এই বিভাগে খুলনার রাফিন ইসলাম দ্বিতীয় এবং মো. ইজাজুল তৃতীয় হন। একই দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটের কোয়ার্টার ফাইনালেও ছিল উত্তেজনা। ফরিদপুরের ছেলেদের কাছে হারা ময়মনসিংহের মেয়েরা প্রতিশোধ নিয়ে ফরিদপুর গার্লসকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠে। অন্যদিকে বরিশালকে ১৫ রানে হারিয়ে সেমিফাইনালে পা রাখে রাজশাহীর মেয়েরা। আর মশিউর রহমানের ঝড়ো ইনিংসে ভর করে ময়মনসিংহকে ৪৯ রানে হারায় ফরিদপুরের ছেলেরা। মেয়েদের কাবাডি ইভেন্টে ঢাকাকে হারায় খুলনা এবং চট্টগ্রামের বিপক্ষে জিতেছে রংপুর। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ঢাকা ৪০ এবং খুলনা ৪৬ পয়েন্ট অর্জন করে। আরেক ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ৬২-২০ পয়েন্টে জয় পায় রংপুর। ছেলেদের বিভাগে ঢাকার বিপক্ষে ৪২-৩৩ পয়েন্টে জিতেছে খুলনা আর চট্টগ্রামকে ৫২-২৯ পয়েন্টে হারায় রংপুর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন