আট বছর পর বাংলাদেশে সাফ ভেন্যু ও দিনক্ষণ চূড়ান্ত

আট বছর পর বাংলাদেশে সাফ ভেন্যু ও দিনক্ষণ চূড়ান্ত

ফন্ট সাইজ:

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ৪ থেকে ১৭ই নভেম্বর ঢাকায় বসবে সাফের ১৫তম আসর। ২০১৮ সালের পর আবারো আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। আট বছরের অপেক্ষার পর সাফের মঞ্চে জামাল ভূঁইয়াদের ঘরের মাঠে দেখার সুযোগ পাবেন দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল টুর্নামেন্টের দিনক্ষণ ও ভেন্যু নিশ্চিত করেছে। আগামী ২৫শে জুলাই ঢাকায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের লোগো। এরপর ১লা আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ড্র।

তারিখ ও ভেন্যু ঘোষণা প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, ‘২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের সময় ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই টুর্নামেন্টটি আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। যা বছরের পর বছর ধরে এই অঞ্চলের ফুটবল ভক্তদের জন্য অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করেছে। ফিফা বিশ্বকাপ ২০২৬ সবেমাত্র শেষ হওয়ায় ঘোষণাটি দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর সময়ে এসেছে। আশা করি বাংলাদেশ একটি জমকালো ও সফল আয়োজন উপহার দেবে, যা খেলোয়াড় এবং ভক্ত উভয়ের মনেই একটি স্থায়ী ছাপ রেখে যাবে।’ বাংলাদেশে বর্তমানে ফুটবল নিয়ে তৈরি হওয়া নতুন জোয়ারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আগামী সপ্তাহ ও মাসে আমরা চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম, আপডেট এবং ইভেন্ট উন্মোচন করবো। কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-সমর্থকরাও এই রোমাঞ্চে শামিল হবেন।

আশা করছি, খেলোয়াড় ও সমর্থকদের জন্য দারুণ এক স্মরণীয় আসর উপহার দেবে বাংলাদেশ।’ সাফে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কা অংশ নিয়ে থাকে। এই নিয়ে ১৫তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সবশেষ দু’টি আসরও জিতেছে তারা। ২০২১ সাফে মালদ্বীপে আর ২০২৩ সালে ঘরের মাঠেই শিরোপা জেতে ভারত। বাংলাদেশে এই নিয়ে চতুর্থবারের মতো বসতে যাচ্ছে সাফের আসর। ২০০১ সালে স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। যা এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র সাফ শিরোপা। ২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সাফে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে ৯ বছর পর ২০১৮ সালে বাংলাদেশের মাটিতেই প্রতিশোধ নেয় মালদ্বীপ। ফাইনালে ভারতকে হারিয়ে নিজেদের দ্বিতীয় সাফ শিরোপা ঘরে তোলে দ্বীপরাষ্ট্রটি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন