অনিশ্চয়তা কাটিয়ে সেপ্টেম্বরে ঢাকায় আসছে ভারত ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ গত বছরই হওয়ার কথা ছিল। তবে দুই দেশের কূটনৈতিক টানাপড়েনে তা পিছিয়ে যায়। এ বছরের মার্চে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর নিরাপত্তাশঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই ঘটনার জেরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও তলানিতে নেমে যায়, এমনকি ভারত সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রির কার্যক্রমও স্থগিত করে বিসিবি। তবে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সেপ্টেম্বরের এই সিরিজ আয়োজনের মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে চান তারা।
মিরপুরের সুইমিং কমপ্লেক্সে নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট আমাদের একটি মর্যাদার জায়গা। বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে বিগত সময়ে যে টানাপড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তা কাটিয়ে ওঠা সম্ভব। ইতিমধ্যে আমি নিজেই ভারতের দূতাবাসে কথা বলেছি, তারাও আমাদের সঙ্গে কথা বলেছে- সবাই অপেক্ষা করছে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে।’ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিগত সময়ের ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে যে টানাপড়েন হয়েছিল, আমি মনে করি সেটা কাটিয়ে উঠে প্রতিবেশী সব দেশের সঙ্গে আমাদের ক্রীড়া কূটনীতি, যোগাযোগ ও চলাচল- সবকিছুই স্বাভাবিকভাবে চলমান থাকবে।’
