বন্যার্তদের জন্য ২৪শে জুলাই বাংলাদেশ শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে গান গাইবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। পাশাপাশি তাকে সম্মাননা প্রদান করা হবে। ‘একক সংগীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন শিল্পকলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বসতে যাচ্ছে। শিল্পকলা একাডেমি জানায়, রুনা লায়লার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং সংগীতের ভুবনে তার অবদানকে জাতীয়ভাবে সম্মানিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এই আয়োজনে রুনা লায়লা তার কালজয়ী ও জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন এবং এই আয়োজন থেকে পাওয়া অর্থ বন্যার্তদের সহায়তার জন্য ব্যয় করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। এ অনুষ্ঠানের টিকিট মূল্য রাখা হয়েছে ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার। টিকিট সংগ্রহ করা যাবে শিল্পকলার প্রশাসনিক ভবন থেকে।
