ভালোবাসা ও স্মৃতিময় এক সফর

ভালোবাসা ও স্মৃতিময় এক সফর

ফন্ট সাইজ:

দীর্ঘ ইউরোপ সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। এই সফরে তিনি বেশ কিছু দেশে গান গেয়েছেন প্রবাসীদের সামনে। সালমা জানালেন, এই সফরে তিনি অনেক স্মৃতি ও ভালোবাসা নিয়ে ফিরেছেন। ২৫শে জুন দেশ ছেড়েছিলেন সালমা। এর মধ্যে ২৭শে জুন ফ্রান্সের প্যারিসে গান গেয়েছেন তিনি। ২৮শে জুন বেলজিয়াম, ৪ঠা জুলাই ইতালির রোম, ৫ই জুলাই মিলান, ১১ই জুলাই স্পেনের বার্সেলোনা ও ১২ই জুলাই মাদ্রিদে শো করেছেন তিনি। প্রতিটি শোতেই ছিল প্রবাসী দর্শকদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি। সালমার ‘বৈশাখী ফেস্টিভ্যাল’ শিরোনামের এই সফরটির আয়োজনে ছিল বেলগো বাংলা।

এই শিল্পীদের মধ্যে আরও ছিলেন সাথী খান। ছিলেন দেশের বেশ ক’জন মিউজিশিয়ান। সালমা বলেন, অনেকদিন পর ইউরোপ সফরে গেলাম। প্রতিটি জায়গায় শোয়ের আগে ও পরে দর্শকদের এত ভালোবাসা পেয়েছি বলে বোঝাতে পারবো না। এই সফরে অনেক স্মৃতি ও ভালোবাসা নিয়ে ফিরেছি। দেশে আসার পরও বিভিন্ন স্মৃতি মনে পড়ছে। দর্শকদের ভালোবাসার কথা মনে পড়ছে।

আমি আরও একবার ধন্যবাদ জানাতে চাই আয়োজক চয়ন দাদা ও প্রবাসী দর্শকদের। দেশের বাইরে গেলে আসলে বোঝা যায় প্রবাসে থেকেও যে দেশের গান ও শিল্পীদের প্রতি কতোটুকু ভালোবাসা রয়েছে তাদের। এর কোনো তুলনা হয় না। এবার বেলজিয়াম, ইতালি, স্পেন এই তিনটি দেশেই অসাধারণ সব দর্শক পেয়েছি। গানের তালে তালে তারা নেচেছেন ও গেয়েছেন। গানের বাইরেও প্রবাসীদের আপ্যায়ন আমাকে মুগ্ধ করেছে। সবমিলিয়ে এটি ছিল স্মৃতিময় এক সফর। যতদিন বাঁচবো ততদিন মনে থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন