আগস্টে টানা তিন দিনের ছুটির সম্ভাবনা আমিরাতে

আগস্টে টানা তিন দিনের ছুটির সম্ভাবনা আমিরাতে

ফন্ট সাইজ:

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পরবর্তী সরকারি ছুটি উপলক্ষে দেশটির বাসিন্দারা টানা তিন দিনের ছুটি পেতে পারেন। দেশটির সরকারি ছুটির নতুন নীতিমালা অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি পড়া নির্দিষ্ট কিছু জাতীয় ছুটি প্রয়োজনে সপ্তাহের শুরু বা শেষে স্থানান্তর করা যেতে পারে। ২০২৪ সালের ক্যাবিনেট রেজ্যুলুশন নম্বর ২৭ অনুযায়ী, সরকার প্রয়োজন হলে কিছু সরকারি ছুটির দিন পরিবর্তন করতে পারে। এর উদ্দেশ্য হলো কর্মীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি করা এবং সপ্তাহের মাঝামাঝি ছুটি পড়লে কর্মসূচিতে যে বিঘ্ন ঘটে, তা কমানো। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।

বর্তমান হিজরি ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন (১২ রবিউল আউয়াল) ২৫ আগস্ট, মঙ্গলবার পড়তে পারে। যেহেতু হিজরি মাস নতুন চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই চূড়ান্ত তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে সরকার যদি ছুটি স্থানান্তরের বিধান প্রয়োগ করে, তাহলে এই ছুটি সোমবার, ২৪ আগস্টে সরিয়ে নেয়া হতে পারে। সে ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখা কমিটির ঘোষণা এবং সরকারের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির পর জানা যাবে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, সব সরকারি ছুটি স্থানান্তরের আওতায় পড়বে না। ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি ধর্মীয় বিধান অনুযায়ী নির্ধারিত তারিখেই পালন করা হবে। এছাড়া আইনের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সরকারি ছুটি যদি আগে থেকেই অন্য একটি সরকারি ছুটির সঙ্গে মিলে যায় অথবা সাপ্তাহিক ছুটির দিনে পড়ে, তাহলে সেটি স্থানান্তর করা যাবে না। ইউএইর শ্রম আইন অনুযায়ী, সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা ঘোষিত সরকারি ছুটিতে বেতনসহ ছুটি পাওয়ার অধিকারী। যদি কোনো কর্মীকে সরকারি ছুটির দিন কাজ করতে হয়, তাহলে তিনি পাবেন বিকল্প একটি ছুটির দিন অথবা অতিরিক্ত পারিশ্রমিক।

বিকল্প ছুটি না দেয়া হলে কর্মীকে ওই দিনের পূর্ণ বেতনের পাশাপাশি তার মৌলিক দৈনিক বেতনের অন্তত ৫০ শতাংশ অতিরিক্ত পরিশোধ করতে হবে। মহানবী (সা.)-এর জন্মদিনের পর ২০২৬ সালে ইউএইর শেষ সরকারি ছুটি হবে ঈদ আল ইত্তিহাদ (জাতীয় দিবস)। এটা ২-৩ ডিসেম্বর। ছুটি থাকবে দুই দিন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন